ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে বিশ্ব শিক্ষক দিবসে ৯ গুণী শিক্ষককে সম্মাননা

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ৫ অক্টোবর ২০২৬
খাগড়াছড়িতে বিশ্ব শিক্ষক দিবসে ৯ গুণী শিক্ষককে সম্মাননা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের নয়জন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জেলার শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা বাড়ানো ছাড়া শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা সম্ভব নয়।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তাঁদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে নির্বাচিত মোট নয়জন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ অতিথিরা তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।

এ বছর প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন রূপা মল্লিক। মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন সাইফুল ইসলাম এবং কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মেহেরুন্নিছা বেগম মিলি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!