ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

‘সত্যবাদী মানুষকে মূল্যায়ন না করার মাসুল দিচ্ছি আমরা’: রুমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯, ২২ অক্টোবর ২০২৬
‘সত্যবাদী মানুষকে মূল্যায়ন না করার মাসুল দিচ্ছি আমরা’: রুমিন
রুমিন ফারহানা। ফাইল ছবি

‘আমার বাবার মতো সত্যবাদী মানুষ রাজনীতিতে খুব বেশি আসে না। এ ধরনের মানুষকে মূল্যায়ন না করে আমরা যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে।’ ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেছেন তাঁর মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার (২১ অক্টোবর) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় নিজের বাসভবনের সামনে এ মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের রাজনীতি আজ যে অবস্থানে পৌঁছেছে, এর পেছনে সবাই দায়ী। এ সময় তিনি তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষাসৈনিক অলি আহাদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার একজন কৃতী সন্তান ও বড় মাপের রাজনৈতিক নেতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম ও অ্যাডভোকেট ফরহাদ।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!