ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

নিরাপত্তায় মেট্রোরেলে যুক্ত হচ্ছে লাগেজ স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২, ২৪ অক্টোবর ২০২৬
নিরাপত্তায় মেট্রোরেলে যুক্ত হচ্ছে লাগেজ স্ক্যানার
সংগৃহীত ছবি

মেট্রোরেলের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্দেহজনক মালামাল শনাক্তের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তার তথ্য অনুযায়ী, নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের জন্য ইতোমধ্যে ইলেকট্রনিক দরপত্র (ই-টেন্ডার) আহ্বান করা হয়েছে। প্রতিষ্ঠানের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দরপত্রের শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য তথ্য ই-জিপি পোর্টাল এবং সংশ্লিষ্ট হেল্পডেস্ক থেকে জানা যাবে।

এদিকে, একই বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সরঞ্জামের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় ডিপোতে থাকা লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের নিয়মিত তদারকি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনার সুযোগ থাকবে।

নতুন নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে মেট্রোরেল স্টেশনে যাত্রী ও তাঁদের বহন করা ব্যাগ পরীক্ষা করার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!