ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মালিবাগে এসটিএস সরাতে ডিএসসিসির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮, ২৪ অক্টোবর ২০২৬
মালিবাগে এসটিএস সরাতে ডিএসসিসির উদ্যোগ
সংগৃহীত ছবি

রাজধানীর মালিবাগ মোড়ের সড়কের ওপর থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই এলাকায় কাছাকাছি স্থানে নতুন এসটিএস স্থাপন করা হবে বলেও জানান তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়সংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

তিনি জানান, সিআইডির অনুরোধে কার্যালয়ের সামনে থাকা এসটিএসের জায়গাটি গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া মালিবাগ এলাকায় হকাররা আবারও সড়ক দখল করে বসলে উচ্ছেদ অভিযান চালানো হবে।

মো. আব্দুস সালাম বলেন, নগরীর পরিবেশ রক্ষা ও যানজট কমাতে হকার এবং অটোরিকশার সমস্যা সমাধানে কাজ করছে সিটি করপোরেশন।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে নগরবাসীকে নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

পরে মালিবাগ এলাকায় জনসচেতনতা বাড়াতে একটি র‍্যালিতে অংশ নেন ডিএসসিসি প্রশাসক। এ সময় ফুটপাত দখল করে বসা হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানও পরিচালনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!