ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দর্শনার্থীদের টানছে যে মসজিদ 

শামীম আহমেদ, বরিশাল  
প্রকাশিত: ১৩:৫৩, ৯ এপ্রিল ২০২৩
দর্শনার্থীদের টানছে যে মসজিদ 
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের মিয়াবাড়ি মসজিদ

বরিশাল সদরের কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে স্থাপত্যশৈলীর অনিন্দ্য সুন্দর নিদর্শন হিসেবে আজও  মুগ্ধতা ছড়াচ্ছে মিয়াবাড়ি মসজিদ। ধারণা করা হয়, ১৮ শতকের শেষ দিকে এই মসজিদ নির্মিত হয়। বরিশাল নগর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে এই ঐতিহাসিক নিদর্শন। মোগল আমলে নির্মিত হয় মিয়াবাড়ি মসজিদটি। বরিশালের দর্শনীয় স্থানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এ মসজিদও। এর নান্দনিক সৌন্দর্য কাছে টানছে দর্শনার্থীদের।

জানা যায়, বরিশাল শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের মিয়াবাড়িতে অবস্থিত প্রাচীন এ মসজিদটি। মসজিদের পাশে দুটি বিশালাকার দিঘিও আছে, যা মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।

মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের মিয়াবাড়ি মসজিদ

Advertisement

সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদটি দ্বিতলবিশিষ্ট ও সম্পূর্ণ কারুকার্যমস্থিত। মূল মসজিদের সৌন্দর্যবর্ধন করা হয়েছে দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় আছে তিনটি দরজা।

মসজিদটির নিচতলায় ছয় দরজাবিশিষ্ট আবাসন ব্যবস্থা। যেখানে মাদরাসা শিক্ষার্থীদের জন্য করা হয়েছে থাকার ব্যবস্থাও। মসজিদের ছাদের মাঝখানে আছে বড় তিনটি গম্বুজ। মাঝের গম্বুজটি সবচেয়ে বড়। যার ভেতরের অংশেও আছে সুন্দর নকশার সমাহার। মসজিদের চারপাশে পিলারের ওপর নির্মিত হয়েছে আটটি বড় মিনার। এসবের মাঝে আছে ১২টি ছোট মিনার।

মিয়াবাড়ি মসজিদের নান্দনিক সৌন্দর্য টানছে দর্শনার্থীদের মসজিদের দ্বিতীয় তলায় উঠতে একটি প্রশস্থ সিঁড়িও আছে। সিঁড়ির নিচে দুটি বাঁধানো কবর। কিন্তু এ কবর দুটি কাদের সেটা আজও জানা যায়নি। মসজিদের সামনে ও পেছনে দুটি বিশালাকার দিঘি। প্রায় প্রতিদিনই মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা।

স্থানীয় বাসিন্দা বারেক হাওলাদার বলেন, মসজিদটি বরিশাল অঞ্চলের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। এটি ১৮০০ শতকে নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়। সম্প্রতি মসজিদটি রং করা হয়েছে এবং এটির মেরামত কার্যক্রম অব্যাহত আছে।

মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিনিয়ত মানুষ ছুটে আসছে। কিন্তু মসজিদটিতে প্রবেশের একমাত্র সড়কটির অবস্থা খুবই নাজুক। সংস্কারের অভাবে দিন দিন যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। সড়কটি সংস্কার করা এখন সময়ের দাবি।

মুগ্ধতা ছড়াচ্ছে মিয়াবাড়ি মসজিদ

মসজিদ দেখতে আসা জিহাদ বলেন, ‘মসজিদটি আকারে ছোট হলেও দেখতে বেশ সুন্দর। প্রতিটি নিদর্শন চোখে পড়ার মতো। তাই পরিবারের সবাইকে নিয়ে দেখতে এলাম। সত্যিই মসজিদটির নান্দনিকতা যে কারো নজর কাড়বে।

আরেক দর্শনার্থী রনি বলেন, ‘অনেক দিন ধরে মসজিদটি দেখতে আসবো আসবো করে আসা হয়নি। তাই এবার বন্ধু ও পরিবারের কয়েকজন মিলে চলে এসেছি। মসজিদটি দেখে বেশ ভালো লাগলো। ছবিতে দেখতে যেমন, বাস্তবেও ঠিক তেমন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমেদ শাহরিয়ার বাবু বলেন, মসজিদটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে লোকজন আসে। তবে মসজিদে প্রবেশের পথটি একটু খারাপ হওয়ায় লোকজনের আসতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!