ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা: দুই আসামি গ্রেফতার

রাজরাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৪, ১৪ অক্টোবর ২০২৪
রাজবাড়ীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা: দুই আসামি গ্রেফতার
গ্রেফতার দুই আসামি

রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রদল কর্মী ফারুক সরদার হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার সোনাউল্লার ছেলে ফজল (৪০) এবং একই গ্রামের মোহন মণ্ডলের ছেলে ইউসুফ (৩০)।

পুলিশ জানায়, ছাত্রদল কর্মী ফারুক হত্যাকাণ্ডের পর থেকেই আসামি গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। সোমবার দুপুর ১২ টার দিকে ডিবি পুলিশের অভিযানে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে ফজল এবং দৌলতদিয়া ঘাট থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির সামনে দুর্বৃত্তরা ফারুক সরদারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ফারুকের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, ছাত্রদল নেতা ফারুক হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!