ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ২ জানুয়ারি ২০২৫
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ৩টার দিকে মহানগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে এ হামলা চালানো হয়।

হামলায় আহত হয়েছেন ৮ জন। এরমধ্যে নারীসহ ৩ জনের অবস্থা গুরুতর। ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শিব বাড়ির মোড়ে জিয়া হলের এরিয়ার মধ্য থেকে আমরা বাইকে বের হচ্ছিলাম। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত ইট-পাটকেল ও ছুরি দিয়ে হামলায় চালায়। এতে নাজমুল, খালিদ, সাম্মী, সাদিয়া, দিয়া, রুমি, আমিসহ ৮ জন আহত হয়েছেন। আমাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে তাদের উপরও হামলা করা হয়। এতে সাদিয়া ও দিয়াসহ ৩ জন গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে ভর্তি ২ জন।

Advertisement

তিনি অভিযোগ করে বলেন, খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে। দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এগুলো নিয়ে আমরা হতাশ। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয় আমরা পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের পদত্যাগ চাইবো। আমরা আশা করবো তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনের নামার আগে তারা নিজেরাই পদত্যাগ করবেন।

বিএল কলেজের শিক্ষার্থী রুমি রহমান বলেন, আমরা ওখানে নিজেদের মধ্যে একটি বিষয়ে আলোচনা করছিলাম। মেয়েগুলো একটু সাইটে ছিল। বাপ্পিসহ কেউ কেউ বাইকে আসছিল। এ সময় ১৬-১৭ জনের একটি দল এসে অতর্কিত হামলা চালায়। হামলা করলে আমরা ছেলেদের সেভ দেওয়ার চেষ্টা করি। তখন মেয়েদের উপর নির্লজ্জভাবে হামলা চালায়। এতে সাদিয়া ও দিয়া গুরুতর আহত হন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যথাযথ প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক পর্যায়ে যেটা শুনেছি নিজেদের মধ্যে একটি অনুষ্ঠান শেষে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় শিব বাড়ির মোড়ে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুলনা হামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!