ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে নেয়া হচ্ছে ঢাকায়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে নেয়া হচ্ছে ঢাকায়
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Advertisement

দগ্ধরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

বার্ন ইউনিটের এক চিকিৎসক জানিয়েছেন, তিনজনের শরীর শতভাগ দগ্ধ হয়েছে। একজনের ৮০ শতাংশ ও দুজন ৪৫ শতাংশ করে দগ্ধ হয়েছে। এছাড়া দুই শিশুর মধ্যে একজন ২৫ শতাংশ ও আরেকজন ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। কোনো কারণে চুলা থেকে হয়তো গ্যাস লিক হয়েছিল, যে কারণে রান্নাঘরে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!