ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরির সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪১, ৮ জুন ২০২৬
চুরির সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগ তুলে রাজীব (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রাজীব ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবারের ছেলে। সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে জিয়ানগর গ্রামের মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাজীব তার সহযোগীদের বাইরে রেখে ঘরের টিনশেডের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকেন। এরপর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করেন। একপর্যায়ে গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে রাজীবের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এতে হাকিম আলী আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে চুরির বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করে রাজীবকে আটকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আলামিন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ বলেন, “ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।”

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!