গাইবান্ধা সদরের পূর্ব পিয়ারাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুমন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের বড় ভাই রুহিত (২০) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর মূল অভিযুক্তরা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পূর্ব পিয়ারাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
.png)
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজির ছেলে রাকিবের সঙ্গে একই গ্রামের মৃত ফারুকের ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে জমির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলছিল। রোববার রাতে এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতকে আঘাত করে। ভাইকে বাঁচাতে ছোট ভাই রুমন এগিয়ে এলে রাকিব তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে।
পরে স্থানীয় বাসিন্দারা মুমূর্ষু অবস্থায় দুই সহোদর রুহিত ও রুমনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম হওয়া রুহিত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৮ জুন) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের পর জড়িতদের আইনের আওতায় আনতে এবং জিজ্ঞাসাবাদের জন্য মূল অভিযুক্ত রাকিবের মা বেবি বেগম ও তার স্ত্রী ইতি বেগমকে আটক করে থানায় আনা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।