কুমিল্লায় ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচ দেখার সময় লিওনেল মেসির পেনাল্টি মিস করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন এবং কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় সপরিবারে বসবাস করতেন।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ধনপুর এলাকার একটি চায়ের দোকানে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ দেখছিলেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। খেলা চলাকালীন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি একটি পেনাল্টি মিস করলে উপস্থিত সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামের দুই ব্যক্তি শরিফুল ইসলামের মাথায় শক্ত বস্তু দিয়ে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
উপস্থিত লোকজন আশঙ্কাজনক অবস্থায় শরিফুলকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ইকরাম উল্যাহ বলেন, "ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এলাকার কিছু উন্মাদ যুবক প্রায়ই এমন সংঘর্ষে জড়িয়ে পড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"
কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ফুটবল খেলা দেখার সময় দুই সমর্থক গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।