টানা বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গত রাতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হওয়ায় চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন ছড়া-খালের পানি কিছুটা হ্রাস পেয়েছে। এর ফলে জেলা সদরের কিছু নিচু এলাকার জলাবদ্ধতার উন্নতি হলেও বেতছড়ি মার্মাপাড়া, বিচিতলা, লার্মাপাড়া এবং বটতলার আংশিক এলাকা এখনো পানির নিচে রয়েছে। তবে সকাল ১০টা থেকে জেলায় আবারও মাঝারি ধরনের বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক তৈরি করেছে।
এদিকে মাটিরাঙ্গায় থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি কিছুটা নামলেও গোমতী নদী, ধলিয়া খাল এবং সীমান্তবর্তী ফেনী নদীর পানির স্তর অপরিবর্তিত রয়েছে। তবে এখন পর্যন্ত সেখানে বড় ধরনের কোনো পাহাড় ধসের খবর পাওয়া যায়নি।
.png)
দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় জেলাজুড়ে ইতিমধ্যে ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আকস্মিক বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় শতাধিক পরিবার এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে দীঘিনালা উপজেলার পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে। মাইনী নদীর পানি কিছুটা কমলেও প্লাবিত এলাকাগুলো থেকে পানি পুরোপুরি নামেনি। উপজেলার কবাখালি ও মেরুংসহ বেশ কয়েকটি স্থানে সড়ক তলিয়ে থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দীঘিনালা থেকে সাজেক, লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া গতকাল বিকেলের দিকে পানি ঢুকে পড়ায় দীঘিনালা ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সংযোগ বন্ধ রাখা হয়েছে, যার কারণে পুরো উপজেলা বিদ্যুৎহীন রয়েছে।
বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়া ও দক্ষিণ গঞ্জপাড়া আশ্রয়কেন্দ্রে রাতের খাবার বিতরণ করেছেন জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানিয়েছেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। জেলাজুড়ে খোলা আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্গতদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও রান্না করা খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।