এদিকে মৃত্যুর ঘটনায় তার গ্রামের বাড়ি দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ার ভজনপুর নয়াবাড়ি গ্রামসহ পুরো পঞ্চগড় জেলায় শোকের ছায়া নেমে এসেছে৷ তার গ্রামের বাড়িতে সকাল থেকেই এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও তার আত্মীয় স্বজনসহ সাধারণ মানুষ ভিড় করছেন৷
তবে সাবেক রাষ্ট্রপতি, স্পিকার ও বরেণ্য এ আইনজীবীর মৃত্যুর পরে তার জানাজা বা দাফন তার গ্রামের বাড়িতে বাবা মায়ের পাশে দাফন করার ইচ্ছে জানালেও তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণেই তার দাফন সম্পন্ন করা হবে।
.png)
তবে বর্ষিয়ান এই রাজনীতিবিদের মরদেহ জানাজার জন্য পঞ্চগড়ে নিয়ে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বিমানবাহিনীর হেলিকপ্টার উড্ডয়নে অপারগতা প্রকাশ করায় পঞ্চগড়ে মরদেহ আনা সম্ভব হচ্ছে না বলে নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন৷
এদিকে জমির উদ্দিন সরকারের মরদেহ আনা না হলেও পঞ্চগড় সদর, আটেয়ারী ও তেঁতুলিয়ায় গায়েবানা জানাযার আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা বিএনপি তার মৃত্যুর তিন দিনের শোক ও কালো ব্যাচ ধারণের ঘোষণা দিয়েছে৷
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু বলেন, আজকে আমরা আমাদের অভিভাবককে হারালাম। একজন রাষ্ট্রপতি ও স্পিকার হয়েও জমির উদ্দিন সরকার সাধারণ জীবন যাপন করেছেন। তার একটি কাঠের ঘর ছাড়া কিছুই নেই৷ তার দেয়া অনুদানে এলাকার অনেক মানুষ চিকিৎসা, লেখাপড়া ও অনুদান পেয়ে উপকৃত হয়েছেন। তিনি পঞ্চগড়ে অনেক উন্নয়ন করেছেন। তার দাফন গ্রামের পারিবারিক কবরস্থান করার কথা তিনি বলে গেলেও তার পরিবারের সিদ্ধান্তে ঢাকায় হলেও আমরা বিকেল সাড়ে ৫টায় গায়েবানা জানায়ার আয়োজন করেছি৷
তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন আমাদের আর্দশ ও অবিভাবক। তাকে হারিয়ে আমরা আজ শোকাহত৷ তার শূন্যতা পূরণ হওয়ার মতো না। তার বিদায়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।
এদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জমির উদ্দিন সরকারের একান্ত সচিব এম এ মজিদ তার ফেসবুক পোস্টে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের সবার প্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি সাবেক স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের মরদেহ প্রবল ইচ্ছা সত্বেও পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, বিকেল ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সংসদ ভবন প্রাঙ্গণে দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে।
জমির উদ্দিন সরকার বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য । তিনি পঞ্চগড়ে ১ আসন থেকে নির্বাচিত হয়ে দুইবার জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার বড় ছেলে ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।