স্থানীয় সূত্রে জানা যায়, এবারের ফিফা বিশ্বকাপের শুরু থেকেই গতবারের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা নান্দনিক খেলা উপহার দেওয়ায় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। এই আনন্দকে ধরে রাখতে এবং দর্শকদের বিজয়ের আনন্দ উদযাপনের লক্ষ্যে মার্কাস মোড় একতা সমিতির সদস্যরা প্রীতিভোজের উদ্যোগ নেন। খেলার শুরু থেকেই তারা কথা দিয়েছিলেন, আর্জেন্টিনা আবারও ফাইনালে উঠলেই মহিষ জবাই করবেন। সেই কথা রাখতেই রোববার সকালে এক থেকে দেড় লাখ টাকায় কেনা একটি মহিষ জবাই করেন সমিতির সদস্যরা। সন্ধ্যায় এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের সঙ্গে নিয়ে আনন্দভোজের মাধ্যমে এই বিজয় উদযাপনের কথা জানান সংগঠনটির সদস্যরা।
মার্কাস মোড় একতা সমিতির সভাপতি হোসেন আলী জানান, আমরা শুরু থেকেই আর্জেন্টিনার সমর্থক। আমরা চেয়েছিলাম আর্জেন্টিনা যদি ফাইনালে যেতে পারে, তাহলে আমরা একটি মহিষ জবাই করব। আমি এই আশা করেই মহিষ খুঁজতে থাকি এবং শেষ পর্যন্ত এটি আমরা ক্রয় করেছি। আজ আমরা এটিকে জবাই করেছি। রাতে সবার জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছি। আপনারা সবাই দোয়া করবেন আজকে যেন আর্জেন্টিনা জিততে পারে।
.png)
সমিতিটির উপদেষ্টা তাজুল ইসলাম জানান, সমিতির পক্ষ থেকে ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষে আমরা সকলে মিলে আনন্দ উদযাপন করার জন্যই এই আয়োজন করেছি। আমরা খেলার মাঝেই ঘোষণা দিয়েছিলাম, আর্জেন্টিনা যদি ফাইনাল খেলে তাহলে মহিষ জবাই করা হবে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। তাই সমিতির সভাপতি নিজে একজন আর্জেন্টিনা সমর্থক হওয়ায় তাঁর উদ্যোগেই মহিষটি জবাই করা হচ্ছে। এই নিয়ে আমাদের এলাকায় মোটামুটি একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আজকের এই আনন্দ আয়োজন উপভোগ করব।
তিনি আরও জানান, আমরা আশা করি আজকে সুন্দর একটি ফাইনাল খেলা হবে। কারণ খেলাই হলো সৌন্দর্যের সবকিছু। ‘মাদক থেকে দূরে থাকি, ফুটবল খেলা নিয়ে মাঠে ফিরি’— এই স্লোগানকে সামনে রেখে আমাদের এলাকাকে মাদকমুক্ত করার এমন একটি উদ্যোগ আমরা নিয়েছি।