ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপ ধরতে গিয়ে গোখরার ছোবল, ‘ওঝা’ নিজেই হাসপাতালে

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ১৯ জুলাই ২০২৬
সাপ ধরতে গিয়ে গোখরার ছোবল, ‘ওঝা’ নিজেই হাসপাতালে
ছবি সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছোবল খেয়ে নিজেকে সাপুড়ে ও ‘বিষঝাড়া ওঝা’ পরিচয় দেওয়া ইমরান হোসেন (৩৮) নামে এক ব্যাক্তি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শুক্রবার রাতে উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, বাড়ির উঠানে সাপ দেখার খবর পেয়ে সেখানে যান ইমরান। প্রথমে গর্ত থেকে তিনটি সাপের বাচ্চা উদ্ধার করেন তিনি। পরে একটি পূর্ণবয়স্ক গোখরা সাপ বের করে আনার সময় অসাবধানতাবশত সেটি তার হাঁটুর ওপরে ছোবল দেয়। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ইমরান জানান, আগের দিন একই বাড়ির এক যুবক সাপের কামড়ে মারা যাওয়ার পর আতঙ্কিত পরিবার তাকে সাপ ধরতে ডেকেছিল। সাপটি ধরার প্রায় দেড় মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার পর ইমরানকে দ্রুত অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। নিবিড় পর্যবেক্ষণের পর তার অবস্থার উন্নতি হওয়ায় তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের একটি ভিজিটিং কার্ড ছড়িয়ে পড়ে। সেখানে তিনি সাপ ধরা, সাপের বিষ ঝাড়ার পাশাপাশি বিভিন্ন জটিল রোগের চিকিৎসার দাবিও করেছেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, সাপে কামড়ালে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ। সময়মতো অ্যান্টিভেনম প্রয়োগ করলে অধিকাংশ বিষধর সাপের কামড়ের রোগীকেই সুস্থ করা সম্ভব।

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!