দীর্ঘ ১৬ বছর ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফ হোসেন (৪৪)। আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং আন্তঃজেলা পুলিশ সমন্বয়ের মাধ্যমে শনিবার রাতে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে তাকে আইনের আওতায় আনে বাবুগঞ্জ থানা পুলিশ ও র্যাব-৬-এর যৌথ দল।
গ্রেপ্তার আরিফ হোসেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল হাই আকনের ছেলে।
.png)
পুলিশ জানায়, ২০০৩ সালে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় বিচার প্রক্রিয়া শেষে ২০১০ সালে আদালত তাকে অস্ত্র আইনের ১৯-ক ধারায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। এতদিন গ্রেপ্তারি পরোয়ানা তামিল না হওয়ায় পুলিশ নথিতে তিনি দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
সম্প্রতি আদালত থেকে তামিল পরোয়ানা বাবুগঞ্জ থানায় পৌঁছালে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার। পরে এএসআই ইভেন মাহাদীর নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে। খুলনার খালিশপুরে অবস্থানের সত্যতা নিশ্চিত হয়ে র্যাব-৬-কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফত্যার করা হয়।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি জানান, সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন আত্মগোপনে থাকা পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের এ ধরনের কৌশলগত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।