কালীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজে ত্রুটি সংশোধনের নির্দেশ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর তদন্তে তার সত্যতা মিলেছে। অনুমোদিত নকশা অনুসরণ না করে নির্মাণকাজ সম্পন্ন করার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন এটিএম কামরুল ইসলাম বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে তার নির্দেশনায় তিন সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। পরিদর্শন শেষে কমিটি দাখিল করা প্রতিবেদনে জানায়, সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদিত নকশা ও ড্রয়িং অনুসরণ করা হয়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ড্রয়িং অনুযায়ী শর্ট কলামের নির্ধারিত গভীরতা ও দৈর্ঘ্য বজায় না রেখে কম গভীরতায় নির্মাণকাজ করা হয়েছে। এতে ভবিষ্যতে অতিরিক্ত চাপ বা ধাক্কায় প্রাচীর ধসে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
কমিটির সদস্য সচিব ও সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মন্নুর আহমেদ বলেন, কারিগরি মূল্যায়নে অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণকাজের অসঙ্গতি পাওয়া গেছে, যা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ বলেন, প্রথম দফায় নির্মাণকাজে গভীরতার ঘাটতি ছিল। তদন্তের পর সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে এখন নকশা অনুযায়ী পুনরায় কাজ করানো হচ্ছে। তদন্ত প্রতিবেদনও যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই তদন্ত করা হয়েছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।