ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ শনিবার, অংশ নেবেন লক্ষাধিক মানুষ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ৩০ জুলাই ২০২৬
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ শনিবার, অংশ নেবেন লক্ষাধিক মানুষ
সংগৃহীত ছবি

নোয়াখালীতে ‘হেযবুত তওহীদ’ নিষিদ্ধের দাবিতে আয়োজিত ইসলামী মহাসমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই মহাসমাবেশে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ ও ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

Advertisement

নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান। এ সময় হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখার আমীর মাওলানা নিজামুদ্দীনসহ বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখ ও ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, ইসলাম বিরোধী কার্যক্রম প্রতিরোধ এবং হেযবুত তওহীদের অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ১ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে নোয়াখালী জেলা স্কুল মাঠে এই ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। নোয়াখালী ছাড়াও পার্শ্ববর্তী ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা জেলা থেকে লক্ষাধিক মানুষ এই সমাবেশে যোগ দেবেন বলে আয়োজকরা আশা করছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে হেযবুত তওহীদের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং ঘোষিত মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের তৌহিদি জনতার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!