ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে মশাল মিছিল, নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৩, ১ আগস্ট ২০২৬
সাভারে মশাল মিছিল, নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সাভারে মশাল মিছিল করার সময় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। 

শনিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. জাকির আল আহাসান।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে সাভারের আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে মশাল মিছিল করার সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ওয়াালিউর রহমান শিবলী (৪০), আদাবর থানার শ্যামলী হাউজিংয়ের মো. ফারুকের ছেলে মো. রমজান (৩০), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মিরাকান্দা গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. রিপন (৩০), মাদারীপুর জেলার কালকিনি থানার দক্ষিণ কাঞ্চনপুর গ্রামের মৃত সেকেন্দার ফকিরের ছেলে মো. ইব্রাহিম (৪৫), ভোলা জেলার সদর থানার চর পাঙ্গাসিয়া শিকদারবাড়ির আব্দুর রহমান শিকদারের ছেলে মো. রাকিব শিকদার (২৩), বরিশাল জেলার কাজীরহাট থানার সন্তোষপুর বাংলাবাজার হাওলাদার বাড়ির মৃত মোস্তফা কামালের ছেলে মহিবুল্লাহ আল সাব্বির (৩১), শরীয়তপুর জেলার পালং থানার রনখোলা গ্রামের মৃত নয়ন খানের ছেলে মো. ইকবাল (৪০), দিনাজপুর জেলার পার্বতীপুর থানার হযরতপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. সামিউল ইসলাম (১৯), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার তেতুলিয়া গ্রামের মৃত আ. রশিদ খানের ছেলে মো. শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস (৩০)।

Advertisement

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ব্যানারে লেখা ছিল–‘বাংলাদেশে আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. জাহাঙ্গীর কবির নানকের পক্ষে শোকাবহ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রচারে ঢাকা-১৩ আসন আদাবর থানা ৩০ ও ১০০নং ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠন।’

সাভারের আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহাসান বলেন, শনিবার রাতে ১০টার সময় আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে মশাল মিছিল করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে আটক করা হয়।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!