মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের পরিচালনাধীন নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে দর্শনার্থীরা কোনো প্রবেশ ফি ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন।
.png)
এ উদ্যোগে প্রতিজন দর্শনার্থীর প্রায় ২০০ টাকা প্রবেশ ফি সাশ্রয় হবে। ফলে অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই পর্যটকরা সহজে জেলার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়দের মতে, এমন উদ্যোগ দেশজুড়ে ভ্রমণপিপাসুদের বান্দরবানের প্রতি আরও আকৃষ্ট করবে। একই সঙ্গে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেলে জেলার পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যও আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও বিশেষ দিবসগুলোতে এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।