৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস এবং ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, বিজিবির পাশাপাশি জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও যৌথ টহল।
.png)
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, গোপালগঞ্জ একটি বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় আগেভাগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচিগুলো যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও অন্যান্য বাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।