নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামে এক বালু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই মহাদেও নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বুধবার সকালেই বালু উত্তোলনের সময় পাশাপাশি থাকা দুটি নৌকার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন শ্রমিক রিফাত। পরে অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সম্প্রতি বেশ কয়েকজনকে সাজা প্রদানসহ একাধিক নৌকা জব্দ করা হয়েছে। নদী ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।