ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাহউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়ামিন সিদ্দিকী, শহীদ সেলিমের স্ত্রী সুমি বেগম এবং আহত জুলাই যোদ্ধা মো. আবু মুসা।
.png)
বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে লালন করে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। এছাড়া ঝালকাঠির ১০ জন শহীদের কবর সরকারি খরচে পাকা করার জোরালো দাবি উত্থাপন করা হয়। আলোচনা সভা শেষে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।