ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ৬ আগস্ট ২০২৬
মাগুরায় পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাই
পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতার অনুসারীরা

মাগুরার মহম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা আহাদ-সুমন হত্যা মামলার এক আসামিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন ও তার সহযোগীদের বিরুদ্ধে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধোয়াইল বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান ও হত্যা মামলার আসামি উজ্জ্বল আক্তার কাফুর বুধবার বিকেলে ধোয়াইল বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৫ নেতাকর্মীকে নিয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে মহম্মদপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Advertisement

তবে তাকে ভ্যানে তোলার পরপরই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন ও তার সহযোগীরা ২০-২৫ জনের একটি দল নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় তারা পুলিশের গাড়ি থেকে কাফুরকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের কর্মীদের সমর্থন পেতেই এই ঘটনা ঘটানো হয়েছে।

মহম্মদপুর থানার ওসি এম শামীম আহমেদ আসামি ছিনিয়ে নেওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা দেওয়া এবং আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!