ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে যুবদল সভাপতিকে গুলি, তদন্তে পুলিশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৪, ১০ আগস্ট ২০২৬
নোয়াখালীতে যুবদল সভাপতিকে গুলি, তদন্তে পুলিশ
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. সোহেল (৩৫) নামের এক ওয়ার্ড যুবদল সভাপতি গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

স্থানীয় যুবদল নেতাকর্মীদের দাবি, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় ৭-৮ জন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার শরীরে একাধিক ছররা গুলি লাগে। এই ঘটনার জন্য জেলা যুবদলের পক্ষ থেকে স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান অভিযোগ করে বলেন, বেগমগঞ্জের কয়েকটি ইউনিয়ন জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডারদের আস্তানায় পরিণত হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবিরের উত্তর জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম জানান, এই ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দেখেছেন, ভুক্তভোগী নিজ অস্ত্র বহন করতে গিয়ে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষ।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, রসুলপুর এলাকার খালের পাড়সংলগ্ন অন্ধকার ও কাদাময় স্থানে ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে এটি শটগানের ছররা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!