বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর জনতা আদর্শ বিদ্যাপীঠ থেকে মোট ১১৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই কৃতকার্য হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ৪৭ জন জিপিএ-৫, ৫৪ জন জিপিএ-৪, ১৩ জন জিপিএ-৩ এবং ৪ জন জিপিএ-বি অর্জন করেছে। ফলে বিদ্যালয়টি শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারাদেশে শতভাগ পাস করা ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠও স্থান পেয়েছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি পলাশ উপজেলার শিক্ষাঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
.png)
বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। ফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
জনতা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাসুদ খান বলেন, ‘শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষকদের দক্ষতার সঙ্গে পাঠদান এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’
বিদ্যালয়ের সভাপতি ও আকিজ বশির গ্রুপের ডিএমডি হেলাল উদ্দিন বলেন, ‘জনতা আদর্শ বিদ্যাপীঠের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর বিদ্যালয়টি ভালো ফলাফল অর্জন করছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।’
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক পরিচর্যা, শিক্ষক-শিক্ষার্থীর নিবিড় যোগাযোগ এবং অভিভাবকদের সহযোগিতার কারণে ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন সম্ভব হচ্ছে।
এসএসসিতে শতভাগ পাস এবং উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে জনতা আদর্শ বিদ্যাপীঠের সুনাম আরও সমৃদ্ধ হয়েছে। পলাশের শিক্ষাঙ্গনে বিদ্যালয়টির এই সাফল্যের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।