ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ পেল ৫০ জন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ১০ আগস্ট ২০২৬
ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ পেল ৫০ জন
ফাইল ফটো

দাখিল পরীক্ষার ফলাফলে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫০ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটি থেকে মোট ২৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৫২ জন। অকৃতকার্য হয়েছে ২৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯০ দশমিক ৩৩ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫০ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এ বছরও ঝালকাঠি এনএস কামিল মাদরাসা মাদরাসা শিক্ষা বোর্ডের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সাফল্য অর্জন করেছে।

মতানৈক্যসহ ঐক্যনীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ (রহ.) ১৯৫৬ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠা এ মাদরাসা বর্তমানে অনার্স, মাস্টার্স, দাখিল, আলিম, ফাজিল ও কামিল (হাদিস, তাফসির, ফিকহ ও আদব) পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

Advertisement

প্রতিষ্ঠানের এবারের সাফল্যে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন মাদরাসার অধ্যক্ষ মুফতি গাজী মুহম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, সুন্নাতে নববীর পরিপূর্ণ অনুসরণ ও আওলিয়ায়ে কেরামের অনুসৃত পথের পাবন্দির পাশাপাশি মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা এ প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম কারণ।

এ ছাড়া দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক শিক্ষার্থীদের সার্বক্ষণিক মনিটরিং, টিউটরের মাধ্যমে আবাসিক ক্লাস পরিচালনা এবং সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের কারণেও কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে বলে জানান তিনি।

ভবিষ্যতেও ভালো ফলাফল ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবকসহ সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!