ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক হলেন ছাত্রলীগ নেতা
ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে চরমজলিশপুর ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জাবেরের নাম তালিকায় দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট সুপারভাইজার ও ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ছয় শতাধিক প্রার্থীর মধ্য থেকে ১৭৫ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যার মধ্যে জাবেরের নামও রয়েছে। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে আব্দুল্লাহ আল জাবের জানান, পরীক্ষা দিলেও তিনি উত্তীর্ণ হবেন—এমনটা আশা করেননি।
.png)
এদিকে ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি শুমারি কার্যক্রমে একজন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে যুক্ত করায় উপজেলা প্রশাসনের যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, “ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে যোগ্যতার পাশাপাশি রাজনৈতিক পরিচয়ও খতিয়ে দেখা দরকার ছিল। নিষিদ্ধ ছাত্রলীগের কোনো সদস্য কীভাবে এমন তালিকাভুক্ত হলেন, তা দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন।”
ঘটনার সত্যতা স্বীকার করে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারজান হোসাইন জানান, প্রকাশিত চূড়ান্ত তালিকার দুজনের বিরুদ্ধে ইতোমধ্যে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ হাতে পেলে বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।