মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বৌলতলী ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।
নিহতরা হলেন মুকসুদপুর সদরের বাসিন্দা নাদিম শেখ (২৬)। তিনি এনডিই কনস্ট্রাকশন কোম্পানির ট্রাকচালক ছিলেন। অপরজন হাসিব (২৫), তিনি ওই কোম্পানির নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন। নিহত অপর এক নারী যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
.png)
বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা আফজাল হোসেন জানান, দুপুর দেড়টার দিকে টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী ‘সোনালী পরিবহন’ নামের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে সড়কের ওপর পড়ে যায় এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ও নিহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় এনডিই কনস্ট্রাকশন কোম্পানির ট্রাকচালক ও এক নিরপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর বাসের এক নারী যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সড়কের ওপর উল্টে থাকা ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।