ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে সোয়া কোটি টাকার শাড়ি-কসমেটিকসসহ ট্রাক উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ১৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জে সোয়া কোটি টাকার শাড়ি-কসমেটিকসসহ ট্রাক উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিকসসহ একটি ডাম্প ট্রাক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামাল ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, একটি ডাম্প ট্রাকে করে ভারতীয় অবৈধ মালামাল পরিবহনের তথ্য আগে থেকেই তাদের কাছে ছিল। ওই তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি দল চন্ডিছড়া চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয়। ভোরে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ডাম্প ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

Advertisement

পরে বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় ট্রাকে থাকা বালুর ভেতরে বস্তায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ পাওয়া যায়। অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত ডাম্প ট্রাকটিও উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি ডাম্প ট্রাক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামাল ও ট্রাকের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!