নরসিংদীতে চলন্ত আন্তনগর ট্রেনের সামনে চার বছরের শিশুপুত্রকে নিয়ে এক যুবক ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে গেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন বাবা ও ছেলে দুজনই।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী শহরের আরশীনগর রেলক্রসিং সংলগ্ন বীরপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
.png)
অঘটন থেকে বেঁচে যাওয়া আল-আমিন (২৭) নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত আল-আমিন নরসিংদী সদর হাসপাতালে এবং তার চার বছরের ছেলে আরিয়ান স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকেলের দিকে ছেলেকে নিয়ে বীরপুর এলাকায় অবস্থান করছিলেন আল-আমিন। ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি নরসিংদী স্টেশনে যাত্রাবিরতি শেষে পুনরায় যাত্রা শুরু করে। ট্রেনটি কম গতিতে বীরপুর এলাকা অতিক্রম করার সময় আল-আমিন ছেলেকে কোলে নিয়ে রেললাইনে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় তারা দুজনই ছিটকে লাইনের মাঝে পড়ে যান এবং পুরো ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, শিশু আরিয়ানের মাথায় ১৬টি সেলাই লেগেছে এবং দুজনই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। গতি কম থাকায় এবং ভাগ্যের জোরে দুজন বড় ধরনের বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।