দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নাদিম (৪৮) নামে ওই কয়েদির মৃত্যু হয়।
নাদিম দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। কারাগার সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ১০ দিনের সাজা হয়েছিল তার। গত ১৭ আগস্ট তিনি দিনাজপুর জেলা কারাগারে যান।
.png)
আজ ২৬ আগস্ট তার সাজা শেষ হওয়ার কথা ছিল। সে অনুযায়ী আগামীকাল ২৭ আগস্ট কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল নাদিমের।
কারাগার সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাদিম। পরে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাদকাসক্তির ইতিহাস ছিল এবং হঠাৎ অচেতন হয়ে পড়ার সমস্যায় তিনি আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।