সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে সকালে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের দরগা রোড এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
.png)
এতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সিরাজগঞ্জ জেলার সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম আল কাদরী, শহর শাখার সভাপতি খায়রুল ইসলামসহ জেলার বিভিন্ন দরবার শরিফের পীর-মাশায়েখ, খাদেম ও ভক্তরা অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও কর্ম, মানবতা, শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও ন্যায়-নীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচকরা বলেন, মহানবী (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
এ সময় মহানবী (সা.)-এর দেখানো আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বমানবতার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।