ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগে যাত্রীরা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪০, ২৯ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগে যাত্রীরা
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিনভর থেমে থেমে যান চলাচল করলেও বিকেলের পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর থেকে দাউদকান্দি হয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। শনিবার সকালেও মহাসড়কের ওই অংশে যানবাহনের গতি ছিল অত্যন্ত ধীর, কোথাও কোথাও প্রায় স্থবির হয়ে পড়ে।

Advertisement

দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় দূরপাল্লার বাসের যাত্রী, চালক ও পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর ব্রিজ এলাকা থেকে দাউদকান্দি পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কোথাও ধীরগতিতে গাড়ি চললেও অধিকাংশ স্থানে দীর্ঘ সময় ধরে যানবাহন প্রায় স্থির ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজটের পরিধিও বাড়তে থাকে।

যানজটে আটকে থাকা বাসযাত্রী সাইফুল আলম জানান, সন্ধ্যায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত তিনি দাউদকান্দিতে পৌঁছাতে পারেননি। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন তিনি।

আরেক যাত্রী জাহিদ বলেন, রাত থেকে সড়কে আটকে থাকলেও কখন যানজট শেষ হবে, তা বুঝতে পারছেন না। বাসের ভেতরে থাকা নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বলে জানান তিনি।

দূরপাল্লার বাস স্টারলাইনের চালক আহমেদ করিম বলেন, মহাসড়কে এমনিতেই যানবাহনের চাপ বেশি। এর মধ্যে একটি লেন বন্ধ থাকায় সব গাড়িকে একটি লেন দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হয়েছে।

বিশেষ করে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর এলাকায় মহাসড়কের ঢাকামুখী অংশে বড় গর্ত তৈরি হওয়ায় সেখানে জরুরি মেরামতকাজ চলছে। দুই লেনের একটি লেন বন্ধ রেখে সংস্কারকাজ পরিচালিত হওয়ায় যানবাহনকে একটি লেন দিয়েই চলাচল করতে হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম বলেন, আষাঢ়িয়ার চর এলাকায় মহাসড়কের এক লেনে জরুরি সংস্কারকাজ চলার কারণে অন্য লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করছে। এ কারণেই সাময়িকভাবে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!