নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক, আটক ২
নারায়ণগঞ্জ নগরীর সিটি পার্কে খেলনা বন্দুক হাতে দুই তরুণের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে নগরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।পরে সদর মডেল থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
আটক দুজন হলেন বন্দর উপজেলার বন্দর বাজার এলাকার লিমন তোহা (২২) এবং বন্দর ফায়ার সার্ভিসের গলির ইয়াছিন মোল্লা (২৩)।
.png)
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমান জানান, ২৮ আগস্ট সিটি পার্কের বিভিন্ন এলাকায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুই তরুণকে বন্দুকসদৃশ অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশের আইসিটি শাখার এসআই (নিঃ) আফজাল শাহীন ও তার দল ভিডিওটি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে শটগান ও এসএমজির আদলে তৈরি প্লাস্টিকের খেলনা অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, খেলনা অস্ত্র হলেও তা হাতে নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে পথচারী ও শিশুদের ভয় দেখানো এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি।