ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ৫ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে শহরের হকার্স মার্কেট সংলগ্ন এলাকা থেকে শুভ দাস নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে তিন রাস্তার মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহতের বুকে গুলির আঘাত রয়েছে। তবে তার শরীরে কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরিচন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জের নগরীর গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘নিহতের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। আমাদের তথ্য অনুযায়ী, তিনি একজন মাদক কারবারি। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।’

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে।
তবে কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হলেন, কারা তাকে হত্যা করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!