ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি কাওসার ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলী রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে কাওসারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাওসার ভূঁইয়া চুনারুঘাট উপজেলার আলী রাজাপুর এলাকার বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।

Advertisement

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার আসামি ও ভুক্তভোগী নারী একই এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, কাওসার দীর্ঘদিন ধরে ওই নারীকে অশ্লীল কথাবার্তাসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন।

গত ২১ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ভুক্তভোগী নারী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কাওসার তাঁর মুখ চেপে ধরে বাড়ির পাশে একটি আমগাছের নিচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে কাওসার পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলা হওয়ার পর বিষয়টি আমলে নিয়ে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প)–এর একটি দল শনিবার সকালে অভিযান চালিয়ে কাওসার ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার কাওসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাঁকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!