ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৬, ৯ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
নিহত হানিফ শেখ। সংগৃহীত ছবি

টাঙ্গাইলের বাসাইলে বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ শেখ (৩৭) হাবলা উত্তরপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন হানিফ। পথে দুর্বৃত্তরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুর রহমান বলেন, রাতে গুরুতর আহত অবস্থায় হানিফ শেখকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, নিহত হানিফের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। মামলায় আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/DB-DH13-00
লিংক সফলভাবে কপি হয়েছে!