ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী
লালপুর উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী পুতুল। ছবি: ডেইলি বাংলাদেশ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পরে উপজেলার একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা যুব কমপ্লেক্সের ডিপিসি ইকবাল হোসেন চপলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

সভা শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, লালপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!