মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাতে ভোলার মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মনপুরা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগীদের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের অভিভাবকেরাও।
নজরুল শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেন। তাদের অংশগ্রহণ এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
.png)
অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব। তিনি প্রতিযোগীদের পরিবেশনা উপভোগ করেন এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের চর্চা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন, জুরান চন্দ্র মজুমদার, মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিযোগীদের অভিভাবকেরা।
আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, সাম্য, দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তাঁর কবিতা, গান, প্রবন্ধ ও অন্যান্য সাহিত্যকর্মে বিদ্রোহ, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের শক্তিশালী বার্তা ফুটে উঠেছে। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।