ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থীর মতবিনিময়

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থীর মতবিনিময়
জামাত সমর্থিত প্রার্থী হাফিজ উদ্দিন বাহার। ছবি: ডেইলি বাংলাদেশ

আসন্ন পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী ও ভাঙ্গুড়া বাজারের ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের বকুলতলা এলাকায় জামায়াতের ইউনিট কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত সাংবাদিকদের হাতে একটি করে লাল গোলাপ তুলে দেন মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহার।

Advertisement

মতবিনিময় সভায় হাফিজ উদ্দিন বাহার বলেন, আমি আপনাদেরই সন্তান। এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। তবে মাঝের কিছু সময় পেশাগত কারণে বাইরে অবস্থান করেছি। সামনে পৌরসভা নির্বাচন। আমার দল আমাকে মেয়র পদে সমর্থন দিয়েছে। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।

তিনি বলেন, আমি নিজে দুর্নীতির সঙ্গে জড়িত নই, দুর্নীতিকে প্রশ্রয়ও দিই না। বিগত দিনে আমি পৌরসভা মেয়র পদে নির্বাচন করে সামান্য ভোটে হেরেছিলাম। এবারের নির্বাচনে জয়ী হতে পারলে ভাঙ্গুড়া পৌরসভাকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব। ন্যায় ও ইনসাফের সঙ্গে পৌরসভার উন্নয়নে কাজ করব।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সাংবাদিক, জাতির দর্পণ। আমার ভালো কাজ নিয়ে যেমন আপনারা লিখবেন, তেমনি আমার ভুলগুলোও ধরিয়ে দেবেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ হালিম মাজহার নূর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, সেক্রেটারি আব্দুল মালেক, পৌর যুব বিভাগের সেক্রেটারি ডা. আবুল কাশেমসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের জামায়াতে ইসলামীর আমির ও নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুব বিভাগের সভাপতি সুলতান আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!