ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে প্রবেশের চেষ্টায় সুনামগঞ্জের নির্বাচন অফিসের কর্মচারী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ২১ সেপ্টেম্বর ২০২৬
ভারতে প্রবেশের চেষ্টায় সুনামগঞ্জের নির্বাচন অফিসের কর্মচারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাসকে (৩৪) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) আওতাধীন শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগান সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুর ১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

Advertisement

বিজিবি জানায়, মোংলামবস্তি চা বাগান এলাকার সীমান্ত পিলার দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় বিজিবির নিয়মিত টহলদল তাকে আটক করে।

আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত চন্দ্র বিশ্বাস জানান, তিনি ২০১৬ সাল থেকে চুক্তিভিত্তিকভাবে নির্বাচন অফিসে কর্মরত। বর্তমানে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োজিত ছিলেন।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার সুশান্ত শ্রীমঙ্গলে আসেন এবং একটি হোটেলে অবস্থান নেন। পরে স্থানীয় এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তার কাছ থেকে উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও নথিপত্র আইনানুগ প্রক্রিয়ায় যাচাই করা হচ্ছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!