ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে যুবকের মরদেহ, মাছ ধরতে যাওয়া সঙ্গী আটক

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ২১ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে যুবকের মরদেহ, মাছ ধরতে যাওয়া সঙ্গী আটক
শেরপুরের শ্রীবরদীতে একটি পুকুর থেকে কালু মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদীতে একটি পুকুর থেকে কালু মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে মাছ ধরতে যাওয়া বাদশা মিয়া (২১) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির পুকুরে কালু মিয়ার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া ইউনিয়নের কালীবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে।

Advertisement

নিহতের বাবা মন্টু মিয়া বলেন, রোববার সকালে মাছ ধরার জন্য বাদশা মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হন কালু। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে তারা জানতে পারেন, নলিয়ারপাড় এলাকার একটি পুকুরে কালুর মরদেহ পাওয়া গেছে।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালুর সঙ্গে মাছ ধরতে যাওয়া বাদশা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!