ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিষেধাজ্ঞা অমান্য করে ইউক্যালিপটাসের চারা বিক্রি, ধ্বংস ৫০০

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে ইউক্যালিপটাসের চারা বিক্রি, ধ্বংস ৫০০
নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাসের ৫০০ চারা ধ্বংস, নার্সারি মালিককে জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইউক্যালিপটাসের চারা বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৫০০টির বেশি চারা ধ্বংস করা হয়েছে। এ সময় নার্সারি মালিক রুহুল আমিনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রঘুনাথপুরের মাওয়া নার্সারিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা কৃষি অফিসারের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন।

অভিযানে নার্সারিতে ৫০০টির বেশি ইউক্যালিপটাসের চারা পাওয়া যায়। পরে সরকারি নির্দেশনা অনুযায়ী এসব চারা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে ইউক্যালিপটাসের চারা উৎপাদন ও বিক্রির অভিযোগে নার্সারি মালিক রুহুল আমিনকে জরিমানা করা হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন বলেন, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিষিদ্ধ ইউক্যালিপটাসের চারা উৎপাদন, রোপণ ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, কৃষিজমি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব বিবেচনায় নিষিদ্ধ গাছের চারা সংরক্ষণ বা বিক্রির সুযোগ নেই। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ নিষিদ্ধ গাছের চারা উৎপাদন বা বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!