‘রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আমার কাছে আসবেন’
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান রহমান বলেছেন, হাওরাঞ্চলের যেসব চাকরিপ্রত্যাশী তরুণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তারা লিখিত পরীক্ষায় পাস করার পর তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, “এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই, চাকরি পায়নি। রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করার সেখানে কইরা দেব।”
.png)
তিনি আরও বলেন, “যখনই রিটেনে পাস করবে, আমি ওই ছেলেটার জন্য যেখানে গেলে চাকরিটা পাবে সেটা বলে দেব।”
জনসভায় মানবিক সহায়তার বিষয়েও কথা বলেন সংসদ সদস্য। তিনি বলেন, “আমার নির্দিষ্ট কিছু কাজ আছে, এইগুলো মানবতার কাজ। কিছু মানুষ আছে খুব অসহায়। নিজে অসুস্থ, বউ ছেলে সন্তান অসুস্থ। এইগুলো আমাকে জানাবেন। তাকে আমি ঢাকায় নিয়ে যাব এবং একদম কম পয়সায় চিকিৎসা করা যায় এমন ব্যবস্থা করব।”
তবে সুপারিশের নামে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কেউ যদি নেতাকে টাকা দিয়ে আমার কাছে সুপারিশ নিয়ে যাও, আর এটা প্রমাণিত হয়, তাহলে আমি আপনাদের কাজ করব না।”
জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।