ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদি মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে শহীদি মসজিদ এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা আমির মাওলানা কারী নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ।

Advertisement

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে পরিবহন, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ও পণ্য পরিবহনের খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও।

তাদের দাবি, সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে বারবার জ্বালানি তেলের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। জনস্বার্থ বিবেচনায় নিয়ে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, বাইতুলমাল সম্পাদক এম এইচ লোকমান, মাওলানা এ কে এম ছানাউল্লাহসহ জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!