ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মতলব থেকে নিখোঁজ রাতুল বান্দরবানে উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬
মতলব থেকে নিখোঁজ রাতুল বান্দরবানে উদ্ধার
ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথকে (১৩) বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

Advertisement

রাতুল ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের উদ্দেশে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পান।

নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর ওই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখা যায়। বিষয়টি পরিবারের নজরে এলে উদ্বেগ আরও বেড়ে যায়। এর মধ্যে সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ঘটনাও পরিবারকে আরও আতঙ্কিত করে তোলে।

পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় রাতুলকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের সমন্বয়ে পুলিশের একটি দল অনুসন্ধানে নামে।

পুলিশ জানায়, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, রাতুলের সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ওই অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালিয়ে রাতুলকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুলকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের যেকোনো বিপদে দ্রুত সাড়া দিতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!