ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার করা ভারতীয় পণ্য। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

তিনি জানান, পৃথক অভিযানে ভারতীয় অবৈধ রেড বুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল, ফুচকা, অলিভ অয়েল, জনসন বেবি পাউডার, বাজি, গরু, সিগারেট ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়। পরে এসব পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধার করা ভারতীয় পণ্যসামগ্রী আইনানুগ প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!