সিরাজগঞ্জে জিপিএ-৫ পাওয়া ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আব্দুস সাত্তার ফাউন্ডেশন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সায়াদুজ্জামান।
.png)
আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মহীদুল হাসান, সিরাজগঞ্জ বনওয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুল্লাহ আল মামুন এবং সালেহা ইসহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন পারভীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে উৎসাহিত করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন সফল ও সুন্দর করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।