ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে দৌড়ে পালাল যুবক

ঈশ্বরদী( পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে দৌড়ে পালাল যুবক
দুই ভরি স্বর্ণের মালা নিয়ে উধাও যুবক

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে জুয়েলার্সের দোকানে ঢুকে দুই ভরি স্বর্ণের দুটি মালা নিয়ে দোকান থেকে দৌড়ে পালিয়ে গেছে এক যুবক। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে পৌর শহরের চাঁদ আলী মোড় এলাকার মাসুদ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

 

Advertisement

দোকানের মালিক ও স্বর্ণ ব্যবসায়ী মাহসি ইয়াতিকুর রহমান জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক মুখে মাস্ক পরা অবস্থায় দোকানে প্রবেশ করে। স্বর্ণের মালা কেনার কথা বলে বিভিন্ন গহনা দেখতে চায় সে। একপর্যায়ে দোকান থেকে তাকে দুটি স্বর্ণের মালা দেখানো হয়।

 

মালা দুটি হাতে পাওয়ার পর হঠাৎ করেই যুবকটি দোকান থেকে দৌড়ে বের হয়ে যায়। পরে দোকান থেকে কিছুটা দূরে গিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে সে পালিয়ে যায়। আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে আটক করা সম্ভব হয়নি।

 

দোকান মালিক জানান, নিয়ে যাওয়া মালা দুটির প্রতিটির ওজন এক ভরি করে। অর্থাৎ মোট দুই ভরি স্বর্ণের গহনা চুরি হয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা।

 

তিনি আরও জানান, যুবকটি মুখে মাস্ক পরা থাকায় দোকানের সিসিটিভি ক্যামেরায় তার মুখের স্পষ্ট ছবি পাওয়া যায়নি।

 

এ বিষয়ে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ওই যুবককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!